ভারী যান চলাচল বন্ধ
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বড়ো ব্রিজের মোড় থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদ পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কটির মধ্যে ৮০০ মিটার সড়কের বেশ কয়েকটি জায়গা গত দুই মাস আগে ধসে পড়লেও সড়কটি সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ফলে বাহাগিলি ইউনিয়নের ঐ সড়কটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের ভ্যানচালক একরামুল হক বলেন, বাহাগিলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ময়দানের কাছে ধাইজান নদী থেকে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করে মাহিন্দ্র ট্রাক্টরে করে নিয়ে যাওয়ায় সড়কটির এমন দুরবস্থা হয়েছে।
বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের কৃষক কাশেম আলী বলেন, সারা বাংলাদেশের মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগামী সেপ্টেম্বর মাস থেকে আগাম আলুর চাষ শুরু হবে এর মধ্যে বাহাগিলি ইউনিয়নের কৃষকরা আরো আগে আলু চাষ করে। কৃষকরা তাদের জমিতে গোবর সার, রাসায়নিক সার ও ট্রাকে করে বিভিন্ন হিমাগারে রাখা আলুর বীজ সরাসরি ট্রাকে করে বাড়িতে নিয়ে আসবে কিন্তু সড়কটি ধসে যাওয়ায় অতিরিক্ত ভাড়া দিয়ে ভ্যানে করে কোনোরকমে ব্রিজসহ অন্যান্য সামগ্রী বাড়িতে আনতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, ঐ সড়কটি দিয়ে বালু বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর আসার সময় সম্প্রতি দুইটি ট্রাক্টরকে আটক করে জরিমানা করেছিলাম।
কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ঐ সড়কটি সংস্কারের জন্য একবার টেন্ডার আহ্বান করা হয়েছিল। কিন্তু কোনো ঠিকাদার টেন্ডার ড্রপ না করায় দ্বিতীয়বার টেন্ডার আহ্বান করা হবে।
