খুলনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫০

খুলনায় টিপু শেখ (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টিপু শেখ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা প্রথমে তার মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে তাকে কুপিয়ে এক পা পুরো বিচ্ছিন্ন ও অপর পা অর্ধেক বিচ্ছিন্ন করে তাকে হত্যা করা হয়।

খুলনা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, টিপু শেখ বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তাকে ঘিরে ধরে কুপিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেকে) নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত টিপু শেখ পদ্মবিলা গ্রামের সোনাউল্লাহর ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি জানান।

আরও পড়ুন: কালিহাতীতে পানিতে ডুবে প্রতিবন্ধী বালকের মৃত্যু

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস চন্দ্র দাস বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে রাত পৌঁনে ৯টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ইত্তেফাক/নূহু