হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর হাতিয়ার বিচ্ছিন্ন এলাকা নিঝুমদ্বীপের বন্দরটিলায় বৃহস্পতিবার দিনগত রাতে কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে ইরাক উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড কার্টুজ, ৩টি বগি দা উদ্ধার করা হয়। আটক ইরাক নিঝুমদ্বীপের বন্দর টিলা গ্রামের মাইন উদ্দিন ওরফে মনু মাঝির ছেলে।
কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার লে. সাব্বির মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ইরাককে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কিশোরীর লাশ উদ্ধার
উপজেলায় বকুল বেগম (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের দিনমজুর মোঃ নুরুল ইসলামের মেয়ে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বকুলের সাথে একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. শাহারাজের (২০) প্রেমের সম্পর্ক ছিল। শাহারাজ বিয়ের প্রলোভন দিয়ে বকুলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বকুল অন্তঃসত্ত্বা হলে শাহরাজ বিষয়টি অস্বীকার করে। গত কয়েকদিন আগে সে অপর এক নারীকে বিয়ে করে। বিষয়টি জানতে পেরে বকুল রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, আমি ঘটনাটি শুনেছি ও স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মো. নাজির আহম্মেদকে বকুল বেগমের মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত সকলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছি।
