ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
ওসমানীনগরের মুক্তারপুর হাওর থেকে গলিত অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম জিবই মিয়া (৪১)। তিনি বালাগঞ্জ উপজেলার সদর ইউপির চরভূয়া ভট্টপাতন গ্রামের রমুজ মিয়ার ছেলে। গতকাল শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে মৃতের স্বজনরা লাশের পরিচয় সনাক্ত করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
লাশের সুরতহাল তৈরিকারী ওসমানীনগর থানার এসআই মো. আতিকুল ইসলাম মিলন বলেন, মৃত জিবই দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিল বলে তার স্বজনরা জানান। এ সংক্রান্ত ডাক্তারি কাগজপত্রও মৃতের স্বজনরা আমার কাছে প্রদান করেন। মৃত জিবইয়ের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন বলেন, উদ্ধার হওয়া লাশের ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
