গোবিন্দগঞ্জে ঘুষিতে রাজমিস্ত্রির মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা 

উপজেলায় কাজের পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুষিতে ইয়ার হোসেন নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। ইয়ার হোসেন আরজি সাহাপুর-তারাগনা গ্রামের মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, একই গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে মেহেদী আকন্দের কাছে রাজমিস্ত্রি ইয়ার হোসেনের কাজের ২০০ টাকা পাওনা ছিল। রাতে তারাগনা চার মাথা মোড়ে পাওনা টাকা নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় মেহেদী আকন্দ ইয়ার আলীকে ঘুষি মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুল ইসলাম শাহীন জানান, লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।