গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে সুরিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর ওয়াজকুরুনি নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার সকালে উপজেলার মাওহা ইউনিয়নের সুরিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওয়াজকুরুনি বৃহস্পতিবার নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার মাওহা ইউনিয়নের বাউশালীপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে কৃষক ওয়াজকুরুনি। বৃহস্পতিবার বাড়ির পাশে সুরিয়া নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন নৌকা নিয়ে নদীতে মধ্যরাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরি দলের সদস্য ও ফায়ারম্যান সারোয়ার আলম খান লিংকন বলেন, শুক্রবার সকালে নদীতে আধাঘণ্টা অভিযান চালিয়ে কৃষক ওয়াজকুরুনির লাশ উদ্ধার করা হয়।
