কেবিন ক্রু রোকেয়া দুই দিনের রিমান্ডে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

১০ কেজি সোনা আটক

বিশেষ প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি ওজনের সোনার বারসহ আটক নারী ক্রু রোকেয়া শেখ মৌসুমীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সফিকুল ইসলাম আসামি রোকেয়া শেখ মৌসুমীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, রোকেয়া শেখ মৌসুমী মামলার পলাতক আসামি সোহেল খাঁর কাছ থেকে বিমানের মধ্যে ৭৮টি সোনার বার গ্রহণ করেন। তিনি (আসামি মৌসুমী) পলাতক আসামিদের সহায়তায় দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করে আসছে। আসামি সোনা চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। বিদেশ থেকে সোনা এনে শুল্ক ফাঁকি দিয়ে দেশের ক্ষতি করছে। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বিকালে রোকেয়া শেখ মৌসুমীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত সূত্র জানায়, রোকেয়া শেখ মৌসুমী গত দেড় বছর যাবত্ ইউএস বাংলা এয়ারলাইন্সের নারী ক্রু হিসেবে কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি মানিকগঞ্জে।