চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে সিফাত (১০) ও সিয়াম (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টায় উপজেলার আলগী (উত্তর) ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের ছৈয়াল বাড়ীতে এই ঘটনা ঘটে। শিশু সিফাত ও সিয়াম ওই বাড়ীর প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে। সিফাত উপজেলার শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণি এবং সিয়াম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নিহত শিশুদের স্বজনরা জানান, প্রতিদিনই বাড়ীর পুকুরে দুই ভাই গোসল করতে যায়। আজ দুপুরে গোসল করে ঘরে ফিরে না আসার কারণে তাদের মাসহ পরিবারের লোকজন তাদের অনেক খুঁজাখুঁজি করে। পানিতে ডুবেছে এমন সন্দেহে বাড়ীর লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করে।
তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয় শিশুকে মৃত বলে ঘোষণা করে। পরে তাদের বাড়ীতে এনে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
ইত্তেফাক/আরকেজি
