শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে খেলোয়াড়সহ ২০ জন আহত হয়েছে। আহতদের নাম জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল বারি (১৮), রুবেল (১৭) ও রতন (১৮) নামে এ তিন জনকে আটক করেছে।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার বিকালে শাহজাদপুর পৌরসদর-শাহজাদপুর সরকারি হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায়—পোতাজিয়া হাইস্কুল ও চিথুলিয়া রাবেয়া নজিবর উচ্চ বিদ্যালয় ফুটবল খেলায় অংশ নেয়। একটি ফাউলকে কেন্দ্র করে মাঠে দুইদলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পরে। এ সময় মাঠের বাইরের দর্শক ও দুই দলের সমর্থকরাও খেলার মাঠে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছোটাছুটিতে খেলোয়াড় ছাড়াও প্রায় ২০ জন আহত হয়। এ সময় পুলিশ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরো জানান, বৃহস্পতিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পোতাজিয়া হাইস্কুল ও চিথুলিয়া রাবেয়া নজিবর উচ্চ বিদ্যালয়কে এ টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরো জানান, শাহজাদপুর উপজেলার প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান নকআউট পদ্ধতিতে বুধবার থেকে দুইটি ভেন্যুতে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ মাসের ১০ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ফুটবল ছাড়াও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সাঁতার, কাবাডি, হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নেবে।
