ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
খালেদা জিয়া সরকারের মন্ত্রী নিজামী, মুজাহিদের বিচার হয়েছে এবার বাকি যুদ্ধাপরাধীদেরও বিচার হবে। গ্রামে যেখানে কুঁড়েঘর ছিল, এখন তা ইটের দালানে পরিণত হয়েছে। ক্ষুধা দারিদ্র্যের বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন। সারের জন্য কৃষকদের আর গুলি খেয়ে মরতে হয় না। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি গতকাল শুক্রবার ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহমেদের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আ’লীগকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলা করে বিএনপি-জামায়াত জোট সরকার, কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হয়নি। তারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার ও নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান মিলনের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু, এবাদুল করিম এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ভালুকা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।
