হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী সেবামূলক সংগঠন আল-আমিনের তিন দিনব্যাপী তাফসির ও কেরাত মাহফিলে বলেছেন, মাওলানা সাদের অনুসারীদের বলেন, তার মনগড়া তাফসির এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা-বিশ্বাসবিরোধী বয়ান সম্পর্কে বিশ্বের শীর্ষ আলেমরা ফতোয়া দিয়েছেন। মাওলানা সাদের অনুসরণ বৈধ নয় বলে ঘোষণা দিয়েছেন। এরপরও যারা তাকে অনুসরণ করছেন, বাংলাদেশে তার পক্ষে কাজ করছেন তাদের বলব, আপনারা তওবা করুন। আলেমদের দেখানো পথে দাওয়াতে তাবলিগের মেহনত করুন।
গত শুক্রবার রাতে হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় এ কেরাত মাহফিলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আল্লামা আহমদ শফী আরো বলেন, মহিলা যদি বৃদ্ধ হয় তবে তার সঙ্গে মুসাফা (সাক্ষাত্কালে করমর্দন) করা যেতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত শোকরানা মাহফিলে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মুসাফা করিনি। আমি মাথার ওপর কাপড় দিয়ে মঞ্চে বসে ছিলাম। এ সময় প্রধানমন্ত্রী একবার আমার দিকে এসে অন্যদিকে চলে যান। আবার পুনরায় এলে আমি আঙুল দিয়ে তাকে ওদিকে চেয়ার আছে, ওদিকে বসার আহ্বান জানাই। এ সময় তার হাতের সঙ্গে আমার আঙুল লেগে যায়।
মাহফিলে তিন পর্বের অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সলিমুল্লাহ ও মাওলানা আনাস মাদানী। এতে বয়ান করেন মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি, মাওলানা ইসমাঈল খান, ড. নূরুল আবছার ও মুফতি রাফি বিন মুনির প্রমুখ।
