যশোর অফিস
সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, অভিমান ভুলে যান। কে প্রার্থী হয়েছেন সেটি বড় কথা নয়। আমাদের নেত্রী শেখ হাসিনা। তার মার্কা নৌকা। তাই শেখ হাসিনাকে জয়ী করতে হবে। নৌকার জয় হলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে দেশ থেকে বিএনপি-জামায়াত চিরতরে নিশ্চিহ্ন হবে। গত বৃহস্পতিবার যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় শেখ হেলাল দলীয় নেতা-কর্মীদের বলেন, দলের অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন প্রত্যেক আসনে একজন। আওয়ামী লীগের নৌকা মার্কাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। সবাই কাজ না করলে জয় হবে না। এবারের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জয়ী হলে আমরা সবাই বুক ফুলিয়ে চলতে পারব। জয়ী না হলে সেটি আমরা পারব না। তাই শেখ হাসিনার নৌকা মার্কাকে জয়ী করুন। দলটির জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি, জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-১ আসনের এমপি ও প্রার্থী শেখ আফিল উদ্দিন, যশোর-৩ আসনের সংসদ সদস্য ও প্রার্থী কাজী নাবিল আহমেদ প্রমুখ।
