তিন জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী ও ব্যবসায়ী নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার দুই শিক্ষার্থী ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

গোপালগঞ্জ: সদর উপজেলার গোপীনাথপুরে ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে পিকআপভ্যান উলটে মিতুন সরকার (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মিতুন বাগেরহাট জেলার ফকিরহাটের রুদ্রগাতী গ্রামের ননী গোপাল সরকারের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আতাউর রহমান জানান, ফকিরহাট থেকে পিকআপভ্যানে মাছ নিয়ে বিক্রির জন্য ঢাকা যাচ্ছিলেন মিতুন। চাকা ফেটে পিকআপভ্যানটি মহাসড়কের পাশে খাদে উলটে পড়ে। এতে মিতুন নিহত হন।

পঞ্চগড় ও তেঁতুলিয়া: ট্রাকচাপায় উপজেলার শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাদিয়া নিহত হয়েছে। গতকাল বাইসাইকেল চালিয়ে ব্যবসায়ী বাবার জন্য দোকানে খাবার নিয়ে যাবার সময় এ ঘটনা ঘটে। সাদিয়া উপজেলার যোগীগছ গ্রামের ইস্রাফিল ইসলামের মেয়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ঘাতক ট্রাকচালক কৃষ্ণকান্তকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ভোলা দক্ষিণ ও লালমোহন: উপজেলায় ব্যাটারিচালিত অটোবোরাক চাপায় শিমুল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজারে এ ঘটনা ঘটে। শিমুল ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মিজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ও একই গ্রামের সিরাজ মাতাব্বরের ছেলে ।