শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, 'দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন মনিটরিংয়ের জন্য কাজ করছে সরকার।' শনিবার চাঁদপুরের হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'এজন্য আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায় থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ও নজরদারি জোরদার করেছি। অনলাইনের মাধ্যমেও আমরা মনিটরিংয়ের চিন্তা ভাবনা করছি। শিগগিরই আমরা এ ধরনের ব্যবস্থা নিতে পারবো।'
তিনি আরও বলেন, 'শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে গত ১০ বছরে শিক্ষা ব্যবস্থায় যেসব পরিবর্তন হয়েছে সে পরিবর্তন শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে পারি আমরা সে চেষ্টা করছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আমরা নতুন একটি কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রমের শ্লোগান হলো 'মুক্তিযুদ্ধকে জানো, বঙ্গবন্ধুকে জানো'। এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ৭ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা নিজ এলাকায় মুক্তিযুদ্ধকালীন সময়ে কি ঘটেছিলো তা জানতে পারবে এবং সেই ইতিহাস তুলে আনবে। এর মধ্যে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। এছাড়াও অনেক সংগ্রামের বিনিময়ে অর্জিত আমাদের দেশটির প্রতি তাদের মমত্ববোধও বাড়বে।'
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত মংছেনচীং মংছিন আর নেই
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার।
এরপর শিক্ষামন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলেদের মধ্যে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস উপকরণ বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ এবং তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন। এছাড়াও হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট একাডেমিক নতুন ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
ইত্তেফাক/জেডএইচডি
