স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
এরই মধ্যে কাঁধে চেপে গেছে ৩৭৪ রানের লিড। এখনো আফগানিস্তানের হাতে আছে ২ উইকেট। আফগানিস্তান দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা ইব্রাহিম জাদরান পরিষ্কার বলে গেলেন, তারা ৪০০ রানের লিড কমপক্ষে চাচ্ছেন। বাংলাদেশ দলের প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ মেনে নিলেন এই লক্ষ্য পার করা খুব কঠিন হবে। তবে চেষ্টা করায় বিরত থাকবেন না তারা। আর ম্যাচের এই পুরো পরিস্থিতির জন্য নিজেদের দোষের চেয়ে আফগান খেলোয়াড়দের কৃতিত্বই বেশি দেখছেন তিনি।
ম্যাচের অবস্থা বলতে গিয়ে মিরাজ বলছিলেন, তারা বুঝতে পারছেন, আফগানিস্তান এখানে অনেক এগিয়ে গেছে। আর এ জন্য আফগানদেরই কৃতিত্ব দেখছেন তিনি, ‘ক্রিকেট খেলায় যারা ভালো খেলবে, তারাই জিতবে। যারা সেশন বাই সেশন ভালো খেলবে, তারা এগিয়ে থাকবে। যারা বেটার ক্রিকেট খেলবে, তারাই ডমিনেট করবে। এটা মানতেই হবে যে, ওরা ভালো ক্রিকেট খেলেছে, দারুণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে।’
এই অবস্থা থেকে ম্যাচে ফিরে আসাটা যে প্রায় অসম্ভব, তা মিরাজ বোঝেন। তারপরও হাল ছাড়তে রাজি নন তিনি। বলছিলেন, তারা অনিশ্চয়তার দিকে তাকিয়ে থাকতে চান, ‘ক্রিকেটে তো অনেক হারা ম্যাচও জেতার ঘটনা আছে। আমরাও তাই করতে চেষ্টা করব। আসলে আমরা যেটা করব, প্রসেসটা ঠিক রাখব। ওদের বাকি যে দুই উইকেট আছে, সেটা দ্রুত তুলে নিতে হবে। তারপর আমাদের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসী আছে। তাদের ধৈর্য দেখাতে হবে। এতো বড়ো স্কোর চেজ করতে গেলে আমাদের সবাইকে কন্ট্রিবিউট করতে হবে।’
এই অবস্থার জন্য নিজেদের দায়ী করছেন না মিরাজ। বলছেন, তারা খেলার আগে আফগানিস্তানকে মোটেও হালকাভাবে নেননি, ‘আমরা ওদেরকে হালকা করে দেখেছি, এ রকম কিছু না। আমরা যাদের বিপক্ষেই খেলি না কেনো, আমরা সবাই খুব সিরিয়াস থাকি। আমরা ইংল্যান্ডের বিপক্ষে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বা আফগানিস্তানের বিপক্ষে খেললে একইরকম সিরিয়াস থাকি। এই ম্যাচেও তাই ছিলাম।’
এই ম্যাচ নিয়ে আফগানিস্তানের খুব ভালো প্রস্তুতি ছিল বলে বলছিলেন মিরাজ। তারাও প্রস্তুত ছিলেন বলে দাবি করে বললেন, ‘ওরা টেস্ট ক্রিকেট মাত্র শুরু করল। ফলে ওদের এক্সাইটমেন্ট এখন বেশি কাজ করবে। ওরা বিশ্বকে নিজেদের ক্ষমতাটা দেখানোর চেষ্টা করবে। ফলে ওরা মানসিকভাবে খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। ওদের প্রস্তুতি খুব ভালো ছিল। টেস্ট না খেললেও ওরা ঘরোয়া ক্রিকেট অনেক ভালো খেলেছে। আমরাও যে প্রস্তুত ছিলাম না, তা নয়।’
আফগানদের কৃতিত্ব দিয়েও মিরাজ বলছেন, এই তিন দিন বাংলাদেশের খারাপ সময় গেছে, ‘আসলে ক্রিকেটে তো ভালো সময়-খারাপ সময় যায়। আমরা এই তিনটা দিন ভালো করতে পারিনি। এই তিন দিন আমাদের সময় খারাপ গেছে। আমরা আগে তো ভালো ক্রিকেট খেলেছি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়েছি।’
মিরাজ বারবার করেই বললেন, তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু ম্যাচে ফেরার সুযোগটা এখনো পাননি, ‘আমরা অনেক কষ্ট করেছি। আমি নিজের কথা বলি, আমি একটা উইকেটের জন্য অনেক কষ্ট করেছি। তাইজুল ভাই খুব ভালো বল করেছে। সাকিব ভাই, নাঈম সবাই চেষ্টা করেছে। কিন্তু আমরা পারিনি। এটা মানতেই হবে, ওরা খুব ভালো খেলেছে।’
