প্রথম বিভাগ ফুটবল শুরু
স্পোর্টস রিপোর্টার
এক মৌসুম পর আবার মাঠে গড়ালো প্রথম বিভাগ ফুটবল লিগ। গতকাল বিকালে কমলাপুর স্টেডিয়ামে ১৩ দল নিয়ে আয়োজিত লিগের উদ্বোধন করেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি জানিয়েছেন, পাতানো খেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘ফিক্সড ম্যাচ প্রমাণ হলে কেউ পার পাবে না।’
প্রথম বিভাগ ফুটবল লিগ হচ্ছে দেশি খেলোয়াড়দের মঞ্চ। এখান থেকে যারা উঠে আসবেন তারা জাতীয় দলের জায়গা করে নিতে পারেন নিজ নিজ যোগ্যতা দিয়ে। নবাবপুর স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার আমজাদ জানিয়েছেন তার লক্ষ্য জাতীয় দল। চট্টগ্রামের আনোয়ারার ছেলে চার পাঁচ বছর হয়ে গেল ঢাকার ফুটবলে পা রেখেছেন। শারীরিক গড়নও ভালো। জাতীয় দল যখন গোল খরায় ভোগে তখন মনে হয় নিজেই নেমে পড়ি। কিন্তু নামার আগে প্রস্তুতি রয়েছে। নিজেকে ঘষে মেজে তৈরি করতে চান স্ট্রাইকার আমজাদ। ফুটবল অঙ্গনে গুঞ্জন প্রথম বিভাগ লিগে যে কয়টি দল শক্তিশালী রূপে মাঠে নেমেছে তার মধ্যে নবাবপুর স্পোর্টিং ক্লাব বড়ো বাজেটের দল। কোটি টাকা খরচা করেছে শোনা গেলেও এ দলের একাধিক ফুটবলারের দাবি এটি ঠিক না।
পেশাদার ফুটবলে এখন একাধিক খেলোয়াড় রয়েছেন যারা ৫০, ৬০ লাখ টাকাও পারিশ্রমিক পান। এটি জানা আছে প্রথম বিভাগ লিগ ফুটবলের খেলোয়াড়দের। তাদের পারিশ্রমিক সর্বোচ্চ ৫-৬ লাখ টাকা। এমন হাতে গোনা দুই চার জন। তবে বেশিরভাগই ১ লাখ, ২ লাখ, আড়াই লাখ টাকার মধ্যে। গতকাল উদ্বোধনী ম্যাচে খেলতে এসে কসাইটুলী সমাজকল্যাণ পরিষদের একাধিক ফুটবলার জানালেন টাকা পাওয়া যায়। তবে সেটা দিয়ে সংসার চলে না। আমরা যারা ১-২ লাখ টাকার মধ্যে আছি তারা কোনো রকমে চলতে পারছি। কারওয়ান বাজার প্রগতি সংঘের জুবেল মিয়া, দিপু, রমা দেব, অপু দাস, আশিক সরকার, শাওন ইসলাম, পলাশ, জিহান, নাইম, কসাইটুলী সমাজকল্যাণ পরিষদের রাজিব, আফসার, রিয়াদ, আরিফ, রায়হান, রুবেল, বাপ্পী, সাজিদ, রাসেলদের ভাবনা সেরা একাদশে জায়গা করতে পারলে পারিশ্রমিকটাও বাড়বে। এ ফুটবলাররা পেশাদার ফুটবলে পা রাখতে চান। তারা মনে করছেন দেশের ফুটবলের সময়টা ভালো। এটাকে পেশা হিসাবেও নেওয়ার সময় এসেছে।
কমলাপুর স্টেডিয়ামে ১৩ দল নিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে। দুটি দল চ্যাম্পিয়নশিপে উঠবে। একটি দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে। গতকাল লিগের প্রথম খেলায় মমিনুর রহমান মমিনের জোড়া গোলে কারওয়ান বাজার প্রগতি সংঘ হারিয়েছে কসাইটুলী সমাজকল্যাণ পরিষদকে।
আজকের খেলা :
যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও নবাবপুর ক্রীড়া চক্র এবং পিডব্লিউডি ও ফ্রেন্ডস সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ১টা ৩০ ও ৩টা ৩০।
