আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় শুক্রবার রাতে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে একই পরিবারের তিন জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলার রাজিহার গ্রামের বাবুলাল মুন্সি ও তার স্ত্রী-সন্তান রাত ১১টার দিকে খাবার খান। এর কিছুক্ষণ পরেই বাবুলাল মুন্সি ও তার স্ত্রী অচেতন হয়ে পড়ে। তার কলেজ পড়ুয়া ছেলে শুভ মুন্সি ঐ একই খাবার খেয়ে ঝিমুনিভাব অনুভব করে। তাত্ক্ষণিক শুভ মুন্সি তার চাচা মৃনাল মুন্সি ওরফে টিংকু মুন্সিকে বিষয়টি অবহিত করলে তিনি স্থানীয়দের ফোনে অবহিত করেন। অজ্ঞান অবস্থায় রাত ১২টার দিকে তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিত্সকের বরাত দিয়ে এসআই জামাল হোসেন বলেন, খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মেশানোর কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। ঐ চক্রটি সুযোগ বুঝে ঘরের মালামাল হাতিয়ে নেওয়ার জন্যই এহেন কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোগী সুস্থ হয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
