তালেবানের হাতে অপহরণের শিকার ছয় সাংবাদিক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১

আফগানিস্তানের পূর্ব পাকটিয়া প্রদেশে তালেবানের হাতে ছয় আফগান সাংবাদিক অপহৃত হয়েছেন বলে সরকার ও তালেবানের পক্ষ থেকে আজ নিশ্চিত করা হয়েছে। শুক্রবার পাকটিয়াতে তারা একটি মিডিয়া প্রশিক্ষণ কার্যক্রমে যোগ দিতে যাচ্ছিলেন। খবর রয়টার্সের।

পাকটিয়া গভর্নরের মুখপাত্র আবদুল্লাহ হাসরাত বলেন, ‘ছয় সাঙ্গবাদিককে ছাড়ানোর জন্য আমরা তালেবানের সাথে আলোচনার চেষ্টা করছি।’

অপহরণের ঘটনা স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘হ্যা, আমাদের সৈন্যরা ভুলক্রমে তাদের অপহরণ করেছে। এখন মোবাইল সার্ভিস কাজ করছে না। তবে, স্থানীয় কমান্ডারের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হলে শীঘ্রই তাদের ছেড়ে দেয়া হবে।’

আরও পড়ুন : সানজিদার দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

উল্লেখ্য, আফগানিস্তান সাংবাদিকদের জন্য বরাবরই পৃথিবীর ভয়ঙ্করতম দেশগুলোর মধ্যে অন্যতম। সাংবাদিক রক্ষা কমিটির (সিপিজে) তথ্য মতে, ২০১৮ সালে আফগানিস্তানে ১৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এর দেয়া তথ্য মতে, গত বছর ১৬ জন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে।

এই বছরের জুনে তালেবানদের পক্ষ থেকে হুমকি আসে, তাদের বিরুদ্ধে সরকারের গুজব প্রচার বন্ধ না হলে সাংবাদিকদের টার্গেট করা হবে।

২০১৬ সালে এক তালেবান আত্মঘাতি বোমা হামলায় দেশটির সর্ববৃহত টিভি চ্যানেল ‘তোলো টিভি’র ৭ জন সাংবাদিক নিহত হন। এর কারণ হিসেবে তালেবানের পক্ষ থেকে বলা হয়, তোলো টিভি যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের পক্ষে তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছিল। 

ইত্তেফাক/কেআই