নৈরাজ্য সৃষ্টি করবেন না

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪১

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি নেতিবাচক রাজনীতির পথ পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, হুমকি-ধমকি বাদ দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে বর্তমান সরকারকে সহযোগিতা করুন। সংসদে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন। দয়া করে রাজপথে এসে নৈরাজ্য সৃষ্টি করবেন না।

গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবময় অবদান, কৃতিত্ব এবং ত্যাগের আলোকে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অর্জন-৭১’র সাইনিং ও আশীর্বাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির রাজনীতির জীবনটা ভুলে ভরা। তবে তারা ভুল শুধরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে এসেছে। সভা-সমাবেশও করছেন। কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু দয়া করে রাজপথে এসে নৈরাজ্য সৃষ্টি করবেন না। এতে মানুষের অসুবিধা হয়। মানুষ কষ্ট পায়, বিক্ষুব্ধ হয়। তিনি বলেন, এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে। আমরা চাই সংসদে বিএনপি বিরোধী দলের জোরালো ভূমিকা পালন করুক।

রোহিঙ্গা নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, রোহিঙ্গা একটি জাতীয় সমস্যা। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আপনারা এটার সমালোচনা না করে প্রধানমন্ত্রীকে সাহায্য করেন। দেখবেন এই সমস্যা অচিরেই দূর হয়ে গেছে।

মির্জা সাখাওয়াত্ হোসেন পরিচালিত অর্জন-৭১’র সাইনিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও মুক্তিযোদ্ধা সেক্টরস ফোরামের উপদেষ্টা ড. আব্দুর রহিম খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এরোমা দত্ত, চিত্রনায়িকা মৌসুমী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ।