ফের মাঠে নেমেছেন আন্দোলনকারীরা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফের মাঠে নেমেছেন আন্দোলনকারীরা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে শুরু করেন তারা। পরে বেলা ২টায় তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

আন্দোলনকারীরা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা যতক্ষণ না পর্যন্ত ৩৫ বাস্তবায়ন হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আমরা রাজপথে দিন কাটাব, রাত কাটাব তবুও রাজপথ ছাড়ব না।

সমাবেশে সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশের পরও কেন উপেক্ষা করেছেন? বাংলাদেশ ছাত্র পরিষদের পক্ষে আলামিন রাজু বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ৩৩ পৃষ্ঠায় বয়স বৃদ্ধির ঘোষণা ছিল। কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কথায় আমরা হতাশ।

সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশ থেকে ৩৫ প্রত্যাশী শতাধিক শিক্ষার্থী যোগদান করেন।

এতে আরো বক্তব্য রাখেন সংগঠনগুলোর প্রতিনিধি হারুন-অর-রশিদ, এমএ আলী, ইউসুফ জামিল, রফিকুল ইসলাম কিরন, মহাদেব সরকার, নাছির হোসেন, কামাল হোসেন, জসিম উদ্দিন, নাসরিন সুমি, অরুণিমা, নাহিদা আক্তার প্রমুখ।