কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় রাশিদুল (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এসময় বাহাদুর (৩৫) নামে অপর একজন আহত হয়েছেন। নিহত রাশিদুল হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় টলটললি পাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকার সাজদার মেম্বার ও সম্রাট গ্রুপের মধ্যে অনেকদিন ধরে শত্রুতা ছিল। এর জেরে সাজদার মেম্বারের সহযোগী গাছের দিয়াড় গ্রামের সাইফুল ইসলামের ছেলে খোকন ও টোকনের নেতৃত্বে ৮/১০ জন গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাছেরদিয়াড় টলটলিপাড়া ঈদগাহ সড়ক দিয়ে যাবার সময় রাশিদুল ও বাহাদুরের উপর হামলা করে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
আরও পড়ুন : রশিদ-জহিরের ঘূর্ণিতে কাবু বাংলাদেশ
এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রাশিদুল ও বাহাদুরকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাশিদুলের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই রাশিদুল মারা যান। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
দৌলতপুর থানার ওসি আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে জড়িত দুজনকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/এসএস
