সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মাজ গ্যাস পাম্পের পাশে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মগনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর এলাকার মৃত মোঃ টনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মোঃ ফিরোজ মিয়ার ছেলে রিপন মিয়ার সাথে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মগনুর কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে রিপন পেছন দিক থেকে মগনুর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
তারা হলেন- একই এলাকার আবু তাহেরের ছেলে সুমন মিয়া (৩৫) ও শিপুল মিয়া (২৬)। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ইত্তেফাক/আরকেজি
