একাদশ জাতীয় সংসদের নির্বাচনের আর মাত্র ২১ দিন বাকি। নির্বাচন কমিশনের মতে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো বিশেষ করে মহাজোট ও ঐক্যফ্রন্ট তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। গতকাল শুক্রবার আওয়ামী লীগ তথা মহাজোট তাদের শরীক দলের প্রার্থী তালিকাসহ আওয়ামী লীগের সকল প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। ঐক্যফ্রন্ট তাদের প্রার্থী তালিকা আজ শনিবার প্রকাশ করার ঘোষণা দিয়েছেন। তবে ইতোমধ্যে বিএনপি ২০৬টি আসনে তাদের মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তিনটি আসন বেগম খালেদা জিয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতিতে উত্তেজনা ততই বাড়ছে।
দুটি বৃহত্তম দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণার পর দেশের অন্যন্য স্থানের মতো নারায়ণগঞ্জের ৫টি আসনের দুই দলের প্রার্থীরাই মাঠে নেমে পড়েছেন। যদিও আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী তালিকা আগেই চূড়ান্ত হওয়ায় নারায়ণগঞ্জের ভোটের মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার শরীকরা নির্বাচনী প্রচারণায় অনেকটাই এগিয়ে রয়েছেন। আজ রবিবার থেকে বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থীরা মাঠে নামতে শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ ঐক্যফ্রন্টের ৫টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা গত শুক্রবার পর্যন্ত দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের কাছে না পৌঁছায় তারা মহাজোটের প্রার্থীদের মতো তেমনটা ভোটের মাঠে এগিয়ে যেতে পারেননি। ক্ষমতাসীন দলের ৫ প্রার্থীই এখন ভোটের মাঠে থাকলেও ঐক্যফ্রন্টের প্রার্থীরা এখনো ঘর গুছাতেই ব্যস্ত। অবস্থা যাইহোক আজ রবিবার থেকে দুই দলের প্রার্থীরাই মাঠে থাকবে এমনটাই আশা করছে নারায়ণগঞ্জের ভোটাররা।
একাধিক বিএনপি নেতা বলেছেন, বিগত ১০ বছরের হামলা-মামলায় জর্জরিত বিএনপির নেতা-কর্মীরা এবারের নির্বাচনে কোনো প্রকার কোন্দলে জড়াতে রাজি নয়। তাদের বক্তব্য রাজনৈতিক ময়দানে ধানের শীষ যার হাতেই থাকবে সকলে মিলে তাকেই জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আজ থেকে নারায়ণগঞ্জের ভোটের ময়দানে দুই দলের নেতা-কর্মীদের পদচারণায় জেলার ৫টি আসনই মুখরিত হয়ে উঠবে। সব মিলিয়ে একথা বলা চলে, নারায়ণগঞ্জের নির্বাচনী যুদ্ধ এবার অন্যবারের চেয়ে ভিন্নতর হবে। নারায়ণগঞ্জের ৫টি আসনের আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের পাশাপাশি অন্যান্য ছোট ছোট দলের কর্মী-সমর্থকরাও মাঠে নামতে শুরু করেছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জের ভোটের ময়দান চাঙ্গা হয়ে উঠছে।
