কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলার গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে পেটানোর ঘটনায় কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর ভাই মনি বাড়ৈকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে কোটালীপাড়া থানা পুলিশ মনি বাড়ৈকে ধারাবাশাইল গ্রাম থেকে গ্রেফতার করে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে পেটানোর ঘটনায় অমূল্য রতন হালদারের স্ত্রী মনি হালদার বাদী হয়ে কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈসহ পাঁচ জনকে অভিযুক্ত করে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন। এই মামলায় শনিবার রাতে মনি বাড়ৈকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারে বসে গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ ও তার ভাই মনি বাড়ৈ পিটিয়ে হাসপাতালে পাঠায়।
