সবই এখন বীভত্স

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

খালেদ হোসাইন

 

অদ্ভুত সময় পার করছি।

উদ্ভট সময় পার করছি।

প্রাণহীন সময় পার করছি।

কেননা আমরা জীবাশ্ম।

 

আছে কিছু মালিক-ভৃত্য

তারা জোরসে করছে নৃত্য

এটা তাদের নিত্য কৃত্য—

এতে আপনার কী ভাষ্য?

 

এক-সময়ে জ্যান্ত-মরা

এক ভূগোলে বসত করা

সত্ ও অসত্ পরম্পরা—

অনুভূতি কী বত্স্য?

 

নাই তো নীতি-নৈতিকতা

থাকলেও কি কইতি কথা?

কিছুরই নাই যথার্থতা

সবই এখন বীভত্স!