শতভাগ সাক্ষরতা অর্জন বড়ো চ্যালেঞ্জ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আমরা সাক্ষরতার হার বাড়াতে কাজ করে যাচ্ছি। তবে শতভাগ সাক্ষরতা অর্জন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে এখনো অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো শুরু করা হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯’ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠান শুরুর আগে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং উপআনুষ্ঠানিক ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ। প্রতিমন্ত্রী বলেন, দেশে এখন ৭৩ দশমিক ৯ শতাংশ লোক সাক্ষরতার আওতায় রয়েছে। এটি জোট সরকারের আমলে ৫০ শতাংশের ঘরে ছিল। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে এটি ক্রমান্বয়ে বৃদ্ধি করেছে। শতভাগ মানুষকে সাক্ষরতার আওতায় আনতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আগামী এক বছরের মধ্যে ২১ লাখ মানুষকে সাক্ষরতার আওতায় আনা হবে।