নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ি-ঘর সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলে মাকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
আহত বৃদ্ধ লক্ষী রানী জানান, ছেলে বাবু দাস বাড়ি-ঘরসহ সকল সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য তার উপর চাপ প্রয়োগ করে আসছিল। প্রায় সময়ই ছেলে বাবু দাস লক্ষী রানীকে ভরণ-পোষণ না দিয়ে তার উপর নির্যাতন চালাতো।
শনিবার বাবু দাস মা লক্ষী রানীকে বাড়ি-ঘরসহ সকল সম্পত্তি লিখে দিতে বলে। তিনি বাবু দাসকে কোনো কিছু লিখে দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। এতে বাবু দাস ক্ষিপ্ত হয়ে লক্ষী রানীকে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে। এছাড়া বাবু দাস বাড়ি-ঘরে ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে লক্ষী রানীর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবু দাস তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা লক্ষী রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
