রাজবাড়ীতে বিকাশ কর্মকর্তা সেজে প্রতারণা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

অর্থ খোয়াচ্ছে সাধারণ মানুষ

রাজবাড়ী প্রতিনিধি

বিকাশ কর্মকর্তা সেজে প্রতারণার জাল ফেলে একটি চক্র সাধারণ গ্রাহকের অর্থ হাতিয়ে নিচ্ছে। রাজবাড়ীতে বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে অর্থ খোয়াচ্ছেন সাধারণ মানুষ। গত কয়েক দিনে ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে এ তথ্য পাওয়া গেছে।

সদর উপজেলার পাঁচুরিয়ার তুহিন নামে একজনের কাছে একটি চক্র ফোন করে তার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে; চালু রাখতে হলে গোপন পিন নম্বরটি জানতে চায়। পিন নম্বর জানানোর সঙ্গে সঙ্গে প্রথমে তিন হাজার ২০ টাকা পরে আরো ৭৩ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

অপরদিকে, গত শুক্রবার রাজবাড়ী জেলার একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের কাছ থেকে এক নারী ঢাকা বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ০১৮২৪০১৮১১৪ এই নম্বর থেকে কৌশলে পাসওয়ার্ড জেনে ১ হাজার ৪৫ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী ঐ সাংবাদিক সদর থানায় একটি অভিযোগও করেছেন।

গোয়ালন্দ উপজেলা জামতলা বাজারের বিকাশের এজেন্ট সালাউদ্দিন মিয়া জানান, প্রতিনিয়ত আমার এখানে এরকম দু-একটি অভিযোগ পাওয়া যাচ্ছে। এরকম অভিযোগ এলে আমরা রাজবাড়ীতে বিকাশ এজেন্ট অফিসে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি। রাজবাড়ী মাহি ট্রেডার্সের বিকাশের প্রোপাইটর আব্দুল কুদ্দুছ খান বাবু বলেন, জেলার বিভিন্ন স্থানের মানুষ প্রতারিত হচ্ছে বলে তাদের এসআরদের মাধ্যমে জানতে পারছেন। সবাই সচেতন হলে এবং প্রশাসন একটু সক্রিয় হয়ে প্রতারকদের আইনের আওতায় আনলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, মাঝেমধ্যেই বিকাশ প্রতারণার দু-একটি অভিযোগ আসছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।