অসুস্থ খালেদা জিয়াকে ‘সুস্থ’ দেখিয়ে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র হচ্ছে :বিএনপি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছেন, চিকিত্সাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘সুস্থ’ দেখিয়ে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি গুরুতর অসুস্থ মানুষ। দিনে দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। আটকে রেখে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজনীতির প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতেই এটা করা হচ্ছে। তার মুক্তির দাবিতে ১১ সেপ্টেম্বর ঢাকায় মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন পালিত হবে। তার কোনো কিছু হলে সে দায় সরকারের বলে তিনি মন্তব্য করেন।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ফখরুল এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম             মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান ও চিকিত্সক এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া পাঁচ মাস ধরে বিএসএমএমইউয়ে ভর্তি আছেন। তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। তার পছন্দের হাসপাতালে সরকার চিকিত্সা নিতে দিচ্ছে না। তিনি দাঁড়াতে পারেন না, সোজা হয়ে বসতে পারেন না, এমনকি হুইলচেয়ার ছাড়া ওয়াশরুমেও যেতে পারেন না। অথচ সরকারের লোকজন বলছে তিনি নাকি সুস্থ। বিএসএমএমইউয়ের পরিচালক ও উপাচার্য জানিয়েছেন, খালেদা জিয়া সুস্থ। তাদের এ বক্তব্য দলীয় নেত্রীকে ফের কারাগারে পাঠানোর জন্য ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন ফখরুল। অন্যদিকে, ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদার জামিনে পদে পদে বাধা। স্বাস্থ্যগত কারণে আবার তারা জামিনের চেষ্টা করবেন। কিন্তু মূল বিষয় রাজনীতি বলে তিনি জানান। তিনি আরো বলেন, পৃথিবীর সব সরকারের একটা মানবিক দিক থাকে। এ সরকারের মধ্যে তা দেখা যাচ্ছে না।