গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। এছাড়া আর তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ধারণা করা হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন রাত সাড়ে সাতটার দিকে জেলা বিএনপি কার্যালায়ের ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। তারা গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রাত সাড়ে আটটায় গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন ব্যবস্থাপক আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, কিছু প্লাস্টিকের চেয়ার ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিএনপির কার্যালয়ের ভেতর থেকে একটি পুড়ে যাওয়া বোতল পাওয়া গেছে। ওই বোতলে সম্ভবত কেরোসিন কিংবা পেট্রোল জাতীয় পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।
একই সময় গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার মুঠোফোনে বলেন, বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে অভ্যন্তরীণ ক্ষুব্ধতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এসব বিষয়ে বিএনপির স্থানীয় নেতা সাজ্জাদ হোসেন পল্টন বলেন, এটা একটা দুঘর্টনা।
ইত্তেফাক/আরকেজি
