দৈনিক ইত্তেফাক অনলাইনসহ বিভিন্ন প্রচার মাধ্যমে সংবাদ প্রকাশের পর বাগেরহাটের মোরেলগঞ্জে ১০৪ বছরের সখিনা বিবি পেল বয়স্ত ভাতার কার্ড। পাশপাশি বৃদ্ধা সখিনা বিবির সকল দায় দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
১০৪ বছরেও ভাতা পাননি মোরেলগঞ্জের সখিনা বিবি। এ শিরোনামে দৈনিক ইত্তেফাক অনলাইন পত্রিকায় এ সংবাদটি প্রকাশিত হয়। প্রচার মাধ্যমে এ খবর প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান রবিবার সখিনা বিবিকে তার অফিসে নিয়ে আসেন এবং ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে সখিনা বেগমের নামে বয়স্ক ভাতার কার্ড ইস্যু করান। এছাড়াও তাকে ৩০ কেজি চাল ও দুটি শাড়ী দেন।
সখিনা বেগমের মতে তার বয়স এখন ১০৪ বছর। স্বামী মারা গেছেন ১৯৭৩ সালে। ৪ ছেলে মেয়ে যে যার মত বিভিন্ন শহরে দিনমজুরি খেটে সংসার চালায়।
নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সখিনা বেগম বৃদ্ধ হওয়া সত্ত্বেও সাহায্যের আওতায় আসেনি এটা দু:খজনক। এখন থেকে তার সকল দায়িত্ব আমি নিলাম।’
বিষয়টি নজরে আনার জন্য তিনি গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানান।
ইত্তেফাক/আরকেজি
