তালেবানের সঙ্গে গোপন বৈঠক বাতিল করলেন ট্রাম্প

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩২

আফগান তালেবানের সঙ্গে গোপন বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালেবান ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে রবিবার বৈঠকের কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে বৈঠকের কথা ছিল। বৃহস্পতিবার কাবুলে এক বোমা হামলায় এক মার্কিন সৈন্যসহ ১২ জন নিহত হন। তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর প্রতিবাদে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বৈঠক বাতিলের কথা জানান। তালেবান এর প্রতিক্রিয়ায় বলেছে, এতে যুক্তরাষ্ট্রই ক্ষতির সম্মুখীন হবে। গত সপ্তাহেই মার্কিন আলোচকরা তালেবানের সঙ্গে একটি খসড়া শান্তি চুক্তির ব্যাপারে একমত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল, ২০ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ৫ হাজার ৪০০ সৈন্য প্রত্যাহার করবে। বিনিময়ে আফগানিস্তানকে সন্ত্রাসের ঘাঁটি বানাবে না তালেবান। এদিকে তালেবানকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট। -বিবিসি