দৌলতপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪০

মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশ শনিবার রাতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে (২৫) গ্রেফতার করেছে। সে দৌলতপুর উপজেলার ওয়াইল গ্রামের গোলাপ মিয়া ছেলে। যশোরের নারী শিশু নির্যাতন মামলায় বাদল মিয়ার ১৪ বছরের সাজা হয়। এর পর থেকে সে পলাতক ছিল।

দৌলতপুর থানা সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকারের নেতৃত্বে এক দল পুলিশ রাত বারোটার পরে ওয়াইল গ্রামের গোপাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বাদল মিয়াকে (২৫) গ্রেফতার করে। ২০১৬ সালে যশোরের র্শাশা উপজেলার সোনানদীয়া গ্রামের আশরাফের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সাদিয়া আশরাফ মিথিলাকে ভালোবেসে বিয়ে করে বাদল। এ বিয়েতে মিথিলার বাবা মায়ের সম্মতি না থাকায় মিথিলার মা বাদী হয়ে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করে আর এ মামলায় পলাতক আসামি বাদল মিয়ার চৌদ্দ বছরের সাজা হয় ২০১৭ সালে। 

এ ব্যাপারে দৌলতপুুর থানার অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকার জানান, যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল মামলার সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে যশোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি