দেশে ফিরেছেন সালমা-সানজিদারা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বিসিবির উইমেন্স উইং থেকে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকায় এসে পৌঁছায় শিরোপা জয়ী সালমা খাতুনের দল। স্কটল্যান্ডে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনালে থাইল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী দল। ওপেনার সানজিদা ইসলামের অনবদ্য হাফ সেঞ্চুরিতে অনায়স জয় পেয়েছিল বাংলাদেশ।

তার আগে বাছাই পর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়েই টি-২০ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল সালমা বাহিনী। অস্ট্রেলিয়ায় আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের মূল আসর। বিশ্বকাপে অবশ্য কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।