জাকির নায়েকের মামলার মালয়েশিয়ান মন্ত্রীকে তলব

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৬

মালয়েশিয়ান আদালতে বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের দায়ের করা মানহানি মামলায় অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে তলব করেছে দেশটির পুলিশ। অভিযুক্তদের মধ্যে দেশটির মানবসম্পদ মন্ত্রী এম. কুলাসেগারান ও পেনাং প্রদেশের উপমন্ত্রী পি. রামাসামিও রয়েছেন। অভিযুক্ত অন্যান্যরা হলেন, সাবেক রাষ্ট্রদূত ডেনিস ইগনাসিয়াস, বাগান দালামের অ্যাসেম্বলিম্যান সতিশ মুনিয়ান্দি ও ক্লাং প্রদেশের সাংসদ চার্লস সান্তিয়াগো। মালেশিয়াভিত্তিক গণমাধ্যম মালেমেইল খবরটি নিশ্চিত করেছে। 

সম্প্রতি মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুদের নিয়ে বর্ণবাদী মন্তব্যের জেরে ওই দেশ থেকে জাকির নায়েকের আশ্রয় বাতিলের দাবি ওঠে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দুইবার পুলিশি জেরার সম্মুখীনও হতে হয় তাকে। উক্ত ঘটনায় মানহানির অভিযোগ এনে গত ১৬ আগস্ট দেশটির মন্ত্রী-উপমন্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জাকির নায়েক। তার দাবি, ওই পাঁচ জন তার বক্তব্যের খণ্ডিত অংশ উপস্থাপন করে তার ভুল ব্যাখ্যা করেছেন। বর্তমানে পলাতক রয়েছেন বিতর্কিত এই ইসলামিস্ট নেতা।  সম্প্রতি জাকির মন্তব্য করেছেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে মালয়েশিয়ায় থাকা সংখ্যালঘু হিন্দুরা শতগুণ বেশি অধিকার ভোগ করছেন। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা মাহাথিরের নয়,ভারতের প্রধানমন্ত্রীর সমর্থক। সেখান থেকেই আইনি প্রক্রিয়ার সূত্রপাত।

আরও পড়ুন:  মন্ত্রিসভায় খসড়া এসএমই নীতিমালা অনুমোদন

মালেশিয়ান সিআইডি পরিচালক হুজির মোহাম্মদের দেয়া তথ্যানুযায়ী, ‘এর আগেও আমরা তাদের ডেকেছিলাম। কিন্তু তারা আসেননি। আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই তাদের জবানবন্দি রেকর্ড করা হবে।’ এ ব্যাপারে অতিদ্রুত তদন্ত কার্যক্রম শেষ করতে চান বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

মালয়েশিয়ায় ধর্ম ও জাতিগত ইস্যুকে স্পর্শকাতর বিবেচনা করা হয়। দেশটির ৬০ শতাংশ মানুষ মুসলমান আর বাকিরা চীন ও ভারতের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এদের বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী। 

ইত্তেফাক/মিশু/জেডএইচডি