সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধিতে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে আগামী ২০ অক্টোবর ঐ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে এর সভাপতি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এই আবেদন করেন।
নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করার বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করে নোয়াব। ঐ রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট হাইকোর্ট নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করে। এছাড়া শ্রম বিধিমালার ১২৮ বিধি অনুযায়ী অংশীজনদের আপত্তি উত্থাপনের সুযোগ না দিয়ে একতরফাভাবে নবম ওয়েজ বোর্ড চূড়ান্তকরণ এবং গেজেট জারির সুপারিশ করে তা সরকারের কাছে পাঠানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, তথ্য সচিব, শ্রম সচিব এবং নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়। হাইকোর্টের ঐ স্থিতাবস্থার আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২০ আগস্ট হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয় আপিল বিভাগ। এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে নোয়াব। এতে হাইকোর্টের আদেশ বহাল রাখার আবেদন করা হয়েছে। আবেদনের পক্ষে আইনজীবী এম আমিনউদ্দিন ও ইউসুফ আলী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
