বাস-ট্রাকের পাল্লাপাল্লিতে প্রাণ গেল হেলপারের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের সঙ্গে পাল্লাপাল্লিতে শ্যামলী পরিবহনের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। তার নাম আব্দুল কুদ্দুস (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির সুপারভাইজারও। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার এসআই কে এম আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কুদ্দুসের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার নবীয়াবাজ গ্রামে। বাবার নাম আব্দুর রব। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। এসআই আজিজুল হক জানান, এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা শ্যামলী পরিবহনের বাসটি ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছে। তাদের  গ্রেফতারের চেষ্টা চলছে।

আহত সুপারভাইজার মনিরুজ্জামান (৩৫) জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন তারা। ভোর সাড়ে ৪টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে দুই লেনে সব গাড়ি ছিল। তাদের বাসটি ছিল বাম পাশে, সামনে ছিল রডবোঝাই ট্রাক। তাদের বাসটি বাম পাশ থেকে ডান পাশ হয়ে সামনে যাওয়ার সময় সামনের ট্রাকটি ডানপাশে চলে আসে। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। তিনি জানান, ট্রাকের পেছনের রড বাসের সামনের দিকে লেগে দেবে যায়। বাসের সামনের গ্লাস ভেঙে পড়ে। বাসের সামনের দিকে দাঁড়িয়ে থাকা হেলপার কুদ্দুসের শরীরে ট্রাকের রড ঢুকে যায়। তিনি সামনের দিকে পড়ে যান। তিনিও পায়ে আঘাত পান। পরে কুদ্দুসকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিত্সক সকাল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন। কুদ্দুসের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, তাদের দুটি মেয়ে রয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে স্বজনরা কুদ্দুসের মরদেহ নিয়ে যান।