গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় শনিবার মধ্যরাতে বিস্ফোরণে রাঁধুনী ও তৃপ্তি রেস্টুরেন্টের ভবন দুইটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রবিবার ক্ষতিগ্রস্ত মনসুর প্লাজাটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। এদিকে বিস্ফোরণে আহত রাশেদ মিয়া (২২) নামে এক হোটেল কর্মী ঢাকা মেডেক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর প্রহর গুণছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে রাঁধুনী রেস্টুরেন্টের কর্মী রাশেদ মিয়ার শরীর ৯০ শতাংশ পুড়ে গেছে। অন্যরা আশঙ্কামুক্ত।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, মনসুর প্লাজার নিচ তলায় রাঁধুনী রেস্টুরেন্টে বিস্ফোরণে রাঁধুনী ও তৃপ্তি হোটেল বিধ্বস্ত এবং আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে মনসুর প্লাজার নিচতলার অংশে কলাম ও ভিমগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনতলা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির আহ্বায়ক গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলাম জানান, ‘যথাসময়ে প্রতিবেদন দেওয়া হবে।’ তবে তদন্ত কমিটির এক সদস্যের ধারণা—দুই রেস্টুরেন্টের নিচ দিয়ে স্যুয়ারেজ লাইনে ময়লা আটকে গ্যাস জমে এ বিস্ফোরণ হতে পারে।
