টিআইবি বিদেশিদের শেখানো বুলি আওড়ায় --------------ডেপুটি স্পিকার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৯

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘টিআইবি বিদেশিদের শেখানো বুলি আওড়ায়। কিছুদিন আগে তারা সংসদ সম্পর্কে একটি প্রতিবেদন দিয়েছে। তারা তাদের মতো করে কথা বলে। তাদের সম্পর্কে আমরা যদি বলি, তাহলে তো তাদের মাথায় হাত পড়বে।’

কোরাম-সংকটসহ সার্বিক বিষয় নিয়ে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ২৮ আগস্ট দশম জাতীয় সংসদের ওপর যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটির সমালোচনা করে ডেপুটি স্পিকার গতকাল সোমবার এ কথা বলেন। সংসদের আইপিডি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু।

ফজলে রাব্বী মিয়া বলেন, ‘শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে টিআইবির কর্মকর্তারা কত টাকা বেতন নেন? আমরাও শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে আইন পাশ করি। এটা কারও দয়ার টাকা নিয়ে নয়। জনগণের টাকায়, তাদের রায় নিয়ে।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান, অ্যারোমা দত্ত, আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সামিল উদ্দিন আহমেদ শিমুল, কাজী কানিজ সুলতানা প্রমুখ।