গাংনীতে চাঁদার টাকা না পেয়ে বিউটিশিয়ান আঁখি (২৫) কে ছুরিকাঘাত করেছে চাঁদাবাজরা। এ সময় চাঁদাবাজদের হাত থেকে আঁখিতে রক্ষা করতে আসা আলাউদ্দীন নামের স্থানীয় এক হোমিও ডাক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙ্গে দিয়েছে তারা।
সোমবার দুপুর ২টায় গাংনী উপজেলার বামুন্দী বাজার বাসস্ট্যান্ডে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
বিউটিশিয়ান আঁখি বলেন, 'ছাতিয়ান শেখ পাড়ার আরিফুল ইসলামের ছেলে জয় ও একই গ্রামের বল্টু মিয়ার মেয়ে রানী খাতুন তার বিউটি পার্লারে প্রবেশ করে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে না চাইলে রানী আমার চোখে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় জয় স্বর্ণের চেইন ছিনতাই করে।এ সময় চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী হোমিও ডাক্তার আলাউদ্দীন আমাকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙ্গে দেয় সন্ত্রাসী জয়।'
হোমিও ডাক্তার আলাউদ্দীন জানান, 'জয়ের হাতে থাকা একটি হাতুড়ি দিয়ে তার ওপর আক্রমণ করে। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে বামহাত ভেঙ্গে দেয়। পরে আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয় চাঁদাবাজ জয়। স্থানীয় লোকজন ছুটে এলে চাঁদাবাজরা পালিয়ে যায়।'
স্থানীয়রা জানায়, আহতাবস্থায় আঁখি ও আলাউদ্দীনকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে চাইলে জয় কিংবা রানী খাতুনকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ‘চাকরি করতে হলে আমাদের কথা শুনতে হবে। না হলে সাইজ করে দেবো ’: ছাত্রলীগ সভাপতি
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মাদক সেবন, মেয়েদের উত্যক্ত করা, চাঁদাবাজিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। হামলার ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
