কুবিতে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর থেকে ক্যাম্পাসমুখী রাত ৮টার বাসে ওঠাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক শিপন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের জিলান আল সাদ ঈশানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিলানী শিপনকে মারধর করে।

পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে থামলে জিলানী আবার শিপনকে মারতে উদ্ধত হয়। এই ঘটনার জেরে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের উপস্থিতিতেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, 'ব্যাচমেট দুইজন বন্ধুর মাঝে হাতাহাতি হয়। পরে আমরা বসে তা মীমাংসা করে দিই।'

আরও পড়ুন: গাংনীতে চাঁদা না দেওয়ায় চোখে ছুরিকাঘাত

প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, 'দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। ছাত্রলীগ নেতারা তাদের নিয়ে বসেছে। ছাত্ররা বিষয়টি মীমাংসা করে ফেললে আমাদের কিছু করার নাই। তবে মীমাংসা না হলে আমরা ব্যবস্থা নিব।'

ইত্তেফাক/নূহু