অনুমোদনের পাঁচ বছরেও গঠন হয়নি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

২০১০ সালে রংপুর অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে গঠিত হয়েছে রংপুর বিভাগ। আর ২০১২ সালে গঠিত হয়েছে রংপুর সিটি করপোরেশন। নিয়ম অনুযায়ী বিভাগীয় হেড কোয়ার্টার ও সিটি করপোরেশন এলাকায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হয়। সেই অনুযায়ী রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে ২০১৪ সালে মন্ত্রিপরিষদে অনুমোদন দেওয়া হয়। কিন্তু অনুমোদনের পাঁচ বছরেও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হয়নি। ফলে বিভাগীয় জেলা রংপুরের পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা।

২০১৪ সালের ৮ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুঁইয়ার সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এগুলোতে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করে স্বশাসিত সংস্থা গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মতামতের আলোকে টেকনিক্যাল কমিটি যাচাই-বাছাইয়ের পর প্রস্তাবিত রংপুরসহ তিনটি উন্নয়ন কর্তৃপক্ষের আইনের খসড়া আইন প্রণয়ন করে।

উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য সচিব কমিটিতে উত্থাপিত সারসংক্ষেপে বলা হয়েছে, স্বশাসিত এই তিন সংস্থা গঠন হলে জাতীয় স্বার্থে রংপুর, সিলেট ও বরিশাল এলাকার উন্নয়ন নিয়ন্ত্রণ ও পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে। তিন বিভাগীয় সদর এলাকায় অপরিকল্পিত উন্নয়ন নানা সমস্যার সৃষ্টি করছে। আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন, অপরিকল্পিতভাবে বহুতল ভবন, হোটেল-মোটেল এবং অ্যাপার্টমেন্ট নির্মাণ এ ধরনের সমস্যার মূল কারণ হিসেবে দেখা দিয়েছে। তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত আইনের খসড়ার জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় থেকে মতামত নেওয়া হয়েছে বলে সারসংক্ষেপে উল্লেখ রয়েছে।

রংপুরের শিক্ষানুরাগী নুরুল আবছার দুলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুলের সমাবেশে রংপুরের উন্নয়ন নিজ কাঁধে তুলে নেন। এরই অংশ হিসেবে রংপুর বিভাগ, সিটি করপোরেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্থাপন ও চার লেন মহাসড়ক নির্মাণ হয়েছে। তিনি আরো জানান, ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে নগরীতে বেড়েছে মানুষের সংখ্যা। ফলে যানজট, যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশনসহ নানা সমস্যা ঘনীভূত হচ্ছে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রোকনুজ্জামান বলেন, উন্নয়নের স্বার্থে দ্রুত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা দরকার।

২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর-রশিদ বলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন না হওয়ায় রংপুর নগরী হচ্ছে উন্নয়ন বঞ্চিত। রংপুর সিটি করপোরেশনকে যে বরাদ্দ দেওয়া হচ্ছে। তা একেবারেই সামান্য। যা দিয়ে উন্নয়ন তো দূরের কথা, রংপুর সিটি করপোরেশনের তলিতেই পড়ে থাকছে।   

পাঁচ বছর আগে মন্ত্রিপরিষদে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি অনুমোদন এবং এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ার কথা স্বীকার করে সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর উন্নয়ন প্রকল্প এবং নগরীকে ঘিরে কোনো মাস্টারপ্ল্যান না থাকায় অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।