ভৈরবে গৃহকর্মী নির্যাতন স্বামী-স্ত্রী কারাগারে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৫

ভৈরবে সাদিয়া বেগম (১৮) নামে এক গৃহকর্মীকে লাঠিপেটা ও গরম খুন্তি দিয়ে ছ্যাঁকাসহ অমানষিক নির্যাতনের অভিযোগে গৃহকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সাদিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাদিয়ার বাবার নাম মরহুম জামাল মিয়া এবং বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সিংগেরকান্দা গ্রামে। আটক গৃহকর্তা হলেন উপজেলার শিমুলকান্দি গ্রামের হাজী উসমান গনির ছেলে তানভীর রাফসান সাদলী এবং তার স্ত্রী ভৈরব বাজারের গিয়াস উদ্দিন মিয়ার মেয়ে মেহেরুন্নেছা অপি।

ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, কাজের মেয়ে সাদিয়াকে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। পরে সাদিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। একইসঙ্গে গৃহকর্তা ও তার স্ত্রীকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।