পবিত্র আশুরায় নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টির পরিকল্পনা করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। হত্যার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য সোমবার রাতে তারা একত্রিত হয়েছিল রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকায়। গোয়েন্দা সূত্রে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় জঙ্গি সংগঠনটির তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—রাসেল হোসেন, জুয়েল মাহমুদ ওরফে ইমাম মাহমুদ ও আবু জাফর সোহেল।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মাহিদুজ্জামান জানান, আশুরা উপলক্ষ্যে নাশকতার পরিকল্পনার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থি বই, ছয়টি মোবাইল ফোন ও বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়।
এটিইউ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা ইমাম মাহমুদের অনুসারী ও ‘ইমাম মাহমুদ ও গাজওয়াতুল হিন্দ’ নামে ফেসবুকের একটি ক্লোজড গ্রুপের সদস্য। পাশাপাশি তারা আনসার আল ইসলামেরও সক্রিয় সদস্য। গাজওয়াতুল হিন্দ ইসলামের সর্বশেষ নবী হজরত মুহাম্মাদ (সা) এর একটি ভবিষ্যদ্বাণী যেখানে উল্লেখ আছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ভারতীয় উপমহাদেশে যুদ্ধ হবে, যার ফলে মুসলমানদের বিজয় ঘটবে। তারা গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে তহবিল সংগ্রহ করে আসছিল।
