মুগদায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে আশরাফুল ইসলাম খাঁ নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে সে মোবাইল ফোনে কথা বলার সময় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। মৃতের মামা দেলোয়ার হোসেন বাদশা জানান, দক্ষিণ মুগদা ওয়াপদা গলির ১/১ নম্বর বাড়ির ছয় তলায় পরিবারের সঙ্গে থাকত আশরাফুল। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অসাবধানতায় পা পিছলে ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং উপজেলার চড়কান্দি এলাকায়। বাবার নাম মনির খাঁ। তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিল আশরাফুল।
