মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৩৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২১ জন এবং ঢাকার বাইরে ৪১৩ জন ভর্তি হয়েছেন।
গতকাল দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জিহাদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর এলাকার বাবুল হাওলাদারের ছেলে। জাহিদা খাতুন (৩৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারী গতকাল সকালে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন। জাহিদা জেলার মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের কাদের মোল্লার স্ত্রী। কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গুতে মীনা খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী। মহেশপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলার যোগিহুদা গ্রামের মৃত হেকিম মুন্সির ছেলে সিদ্দিক (৪০) মারা গেছেন।
ডেঙ্গু জ্বরে মঙ্গলবার ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিদ্দিক হোসেন মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে রহিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।
এদিকে এডিস মশার উপদ্রব বিচিত্র কিছু নয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, যেখানে মানুষ থাকবে, সেখানেই এডিস মশার উপদ্রব থাকবে। এটি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। গতকাল দুপুরে রাজধানীর গাবতলী এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাঁচাবাজার পরিচ্ছন্নতার কাজে যুক্ত হওয়া নতুন যন্ত্রপাতি পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন।
