স্কুলছাত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৫

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ১১ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

বাগেরহাট : রামপাল ও মোল্লারহাটে পৃথক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্র বাইপাস সড়কে ইটবাহী বিকল একটি ট্রাকের পিছন থেকে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে ইটবাহী ট্রাকের চালক ও হেলপারসহ তিন জন নিহত হয়েছেন। ট্রাক চালক মো. ইয়াসিন হোসেন আনসারী (২২) সাতক্ষীরা জেলার। অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি। অপর দিকে, গতকাল মোল্লারহাটে ফুটবল খেলা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় মোহাম্মদ আলী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আলী মোল্লারহাট উপজেলা উদয়পুর গ্রামের জাকির সরদারের ছেলে ও ওয়াজেদ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে মঙ্গলবার যাত্রীবাহী একটি লেগুনাকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে উপজেলা ছাত্রলীগ নেতাসহ দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, মিরসরাই সদর ইউনিয়নের মান্দার বাড়ীয়ার মো. আলা উদ্দিন (৬০) এবং একই গ্রামের ও মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মিলন (৩০)।

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর-কালিগঞ্জ সড়কে চালিতাঘাটা মিশনের পাশে মঙ্গলবার ইট বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (২৫) নামে এক জন নিহত হয়েছেন। সে শ্যামনগর উপজেলার মানিকপুর গ্রামের।

বকশীগঞ্জ (জামালপুর) : মঙ্গলবার বকশীগঞ্জ উপজেলার গোপালপুরে একটি ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। তিনি বকশীগঞ্জ উপজেলার রামরামপুরা গ্রামের।

গজারিয়া (মুন্সীগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় মঙ্গলবার কুমিল্লাগামী     সাইম এন্টারপ্রাইজ আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। নিহত মো. হোসেন (৪৮) কুমিল্লা দেবিদারের। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

ডুমুরিয়া (খুলনা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কে চুকনগর আল-আরাফা ব্যাংকের সামনে গতকাল যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে ইমরান হোসেন মোড়ল (২০) নামে এক জন নিহত হয়। তিনি চুকনগর পশ্চিম পাড়া এলাকার মিজানুর রহমান মোড়লের ছেলে।