রংপুর-৩ আসনে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৭

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই বুধবার শেষ হয়েছে। এতে ৯ প্রার্থীর মধ্যে সাত জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঋণখেলাপির অভিযোগে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। সকালে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম শাহাতাব উদ্দিন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

জানা গেছে, রংপুর-৩ (সদর) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির প্রার্থী এরশাদের পুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদ, বিএনপির রিটা রহমান, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহারিয়ার আসিফ, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী শহিদুল্লা এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজু এই সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে ঋণখেলাপির অভিযোগে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সহসভাপতি কাওছার জামান বাবলা এবং বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী একরামুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।