রোহিঙ্গাদের ফেরার পরিবেশ মিয়ানমারকেই তৈরি করতে হবে:পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৮

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকেই পরিবেশ তৈরি করতে হবে। আশ্রয়কেন্দ্র বানানোর জন্য কালক্ষেপণ না করে রোহিঙ্গাদের আগে ফিরিয়ে নিতে হবে। সেখানে রোহিঙ্গারা ফিরলে নিজেরাই ঘরবাড়ি বানিয়ে নেবে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে এক সেমিনারে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি মিয়ানমার সরকারের ব্যবস্থাপনায় রাখাইনের কয়েকটি এলাকা ঘুরে এসে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়া প্রতিবেদক জোনাথন হেড। ঐ প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো গুঁড়িয়ে দিয়ে সেখানে পুলিশ ব্যারাক ও বিভিন্ন সরকারি স্থাপনা গড়ে তোলা হচ্ছে। প্রত্যাবাসনের জন্য যে দুটি ট্রানজিট ও রিলোকেশন ক্যাম্প মিয়ানমার সরকার বানিয়েছে, সেগুলো তৈরি করা হয়েছে রোহিঙ্গা গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ঘরবাড়ি বানানোর দরকার নেই, আগে তাদের ফিরিয়ে নিন। রোহিঙ্গাদের জন্য কিছু বাড়িঘর মিয়ানমার সরকার তৈরি করেছে, সেখানে আসলে কী অবস্থা হয়েছে তা দেখাতে আমাদের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকদের নিয়ে যাবে; আগে কোনো দিন রাজি ছিল না, এখন রাজি হয়েছে।’