আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বিদায় নিয়েছেন। বিদায়বেলায় গিটার হাতে চীনা পপ সংগীত গেয়ে মঞ্চ মাতান জ্যাক মা। মঙ্গলবার একটি বর্ণাঢ্য অনুষ্ঠান শেষে আলিবাবা গ্রুপের শীর্ষপদ ছেড়ে দেন তিনি। তবে আলিবাবার অংশীদারের ৩৬ জনের এক জন সদস্য হয়ে থাকবেন তিনি। জ্যাকের স্থলে নতুন নির্বাহী চেয়ারম্যান হয়েছেন ড্যানিয়েল ঝাং। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমশ বাড়ছে বাণিজ্য যুদ্ধ। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে ই-কমার্স ব্যবসায়। এই পরিস্থিতিতে জ্যাক মার সরে যাওয়াটা তাত্পর্যপূর্ণ। যদিও গত বছরই সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন জ্যাক মা। নিজের হাতে তৈরি প্রতিষ্ঠানটির শীর্ষ পদ ছাড়ার সময় আবেগে ভাসেন জ্যাক। অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। ১৯৯৯ সালে শিক্ষকতা করতে করতেই তিনি আলিবাবার প্রতিষ্ঠা করেন। এরপর আমেরিকার খুচরা ব্যবসায়ীদের সঙ্গে চীনা পণ্য রপ্তানিকারকদের মধ্যে সেতুর কাজ করে আলিবাবা। দ্রুত এগিয়ে যান জ্যাক মা। জুনে হওয়া ত্রৈমাসিকে আলিবাবার আয় ছিল ১ হাজার ৬৭০ কোটি ডলার। জ্যাক মার হাত ধরে বিশ্বের সবচেয়ে বড়ো ই-কমার্স সংস্থা হয়ে উঠে আলিবাবা। —রয়টার্স ও সিএনএন
